দুপুরে বা রাতে পেটভরে খাওয়ার পরই অনেকের চোখ ভেঙে ঘুম আসে এবং শরীর ক্লান্ত হয়ে পড়ে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় খাবার গ্রহণের পর এমন ঘুম ঘুম ভাবকে ফুড কোমা বলা হয়। এটি মূলত একটি স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া।
চিকিৎসকদের মতে, খাবার খাওয়ার পর তা হজম করার জন্য পরিপাকতন্ত্রে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। বিশেষ করে উচ্চ কার্বোহাইড্রেট, চিনি এবং চর্বিযুক্ত খাবার খেলে শরীরে সেরোটোনিন ও মেলাটোনিন হরমোনের নিঃসরণ বাড়ে, যা মস্তিষ্কে শিথিলতা এবং ঘুমের অনুভূতির সৃষ্টি করে।
এ অবস্থা থেকে রক্ষা পেতে বিশেষজ্ঞদের কিছু পরামর্শ রয়েছে। ভারী খাবারের পরিবর্তে পুষ্টিকর ও সুষম খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত। অতিরিক্ত মিষ্টি ও প্রক্রিয়াজাত খাবারের বদলে শাকসবজি ও প্রোটিনসমৃদ্ধ খাবার খেলে এমন অস্বস্তিকর ক্লান্তি এড়ানো সম্ভব। এছাড়া খাওয়ার পরপরই শুয়ে না পড়ে কিছুক্ষণ হালকা হাঁটার অভ্যাস করা উপকারী।



