মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদানের অভিযোগ, তদন্তে জামায়াতের দুই সদস্যের কমিটি

দেলোয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর দাফনে বাধা দেওয়ার অভিযোগ তদন্তে জামায়াত ইসলামী দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ৯:৩৭ পিএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ৯:৩৭ পিএম
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদানের অভিযোগ, তদন্তে জামায়াতের দুই সদস্যের কমিটি

দেলোয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তার দাফনে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে বাধাদানের অভিযোগ তদন্ত করতে দলটি একটি কমিটি গঠন করেছে। মঙ্গলবার সন্ধ্যায় জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠকে এই কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার সকালে মানিক পশারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার নিজ এলাকা চিথলিয়ায় জানাজা-দাফনসহ রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়া হয়। এ নিয়ে পিরোজপুরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। তিনি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

অভিযোগ উঠেছে, জামায়াত ইসলামীর নেতাকর্মীরা মানিক পশারীর দাফনে বাধা প্রদান করেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে জামায়াত দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে। এই কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৈঠকে পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে এর সঙ্গে সংগঠনের কেউ জড়িত রয়েছে কিনা- তা কমিটি তদন্ত করে দেখবে। এ ব্যাপারে তদন্ত কমিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় সংগঠনকে নির্দেশ প্রদান করা হয়।

ঘটনা তদন্তে গঠিত দুই সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন- সাইফুল আলম খান মিলন এমপি ও নূরুল ইসলাম বুলবুল এমপি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ