বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দস্যুদের গোলাগুলি, ৫ জেলে উদ্ধার

সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দস্যুদের গোলাগুলি, ৫ জেলে উদ্ধার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ পিএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ পিএম
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দস্যুদের গোলাগুলি, ৫ জেলে উদ্ধার

সুন্দরবনের শ্যামনগর অংশে মুক্তিপণের জন্য জিম্মি করে রাখা পাঁচ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় বনদস্যু ‘দাদা ভাই বাহিনীর’ সদস্যদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটে।

পরে দস্যুরা বনের গহিনে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড ফাঁকা কার্তুজ ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, সুন্দরবনকে দস্যুমুক্ত করা এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, সুন্দরবনের শ্যামনগর অংশের আরপাঙ্গাসিয়া নদীর কঞ্চির খাল এলাকায় মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে ‘দাদা ভাই বাহিনী’।

এ তথ্যের ভিত্তিতে সোমবার (২৬ অক্টোবর) মধ্যরাতে কোস্টগার্ড স্টেশন কয়রা ও দোবেকীর সদস্যরা যৌথভাবে ওই এলাকায় অভিযান চালান। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা অতর্কিতে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি চালান। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে দস্যুরা জিম্মি জেলেদের ফেলে বনের গহিনে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা। তবে এ ঘটনায় দস্যু বাহিনীর কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রবিউল ইসলাম (৩৫) ও বিল্লাল হোসেন (২৬) এবং খুলনার কয়রা উপজেলার আলাউল ইসলাম (৩২), নওশেন মোড়ল (৪১) ও শাহিনুর রহমান (২৮)।

অভিযানস্থল থেকে একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড ফাঁকা কার্তুজ ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ