চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ৪ পিস স্বর্ণের বারসহ মো. সেলিম হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যান ও একটি ছোট মাইক জব্দ করা হয়।
রোববার (১১ অক্টোবর) রাত ৯টা ৩০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন গয়েশপুর বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৬৭-এমপি থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার ৪ নম্বর সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের যাত্রীছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়।
সোমবার বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক সেলিম হোসেন জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের সদরপাড়ার বাসিন্দা। তার ভ্যানের সামনে লাগানো সাদা রঙের একটি ছোট মাইকের ব্যাটারি রাখার স্থান থেকে কৌশলে লুকিয়ে রাখা চার পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৫৪৭ দশমিক ৫১ গ্রাম; যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকা।
আটককৃত স্বর্ণের বার, ব্যাটারিচালিত ভ্যান ও মাইকসহ জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ১ লাখ ৯৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
পরে আটক ব্যক্তিকে জব্দ করা আলামতসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


-6acb9cd466a92-6acd0405a3f67.webp)
