ঢাকার কেরানীগঞ্জে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে কলাতিয়া নতুন চর খাড়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত ফুলবড়ু (৮০) বাড়িতে একাই থাকতেন। তার দুই ছেলের একজন বিদেশে ও আরেকজন ঢাকার বাইরে থাকেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস সাংবাদিকদের জানান, আজ সকাল ৮টার দিকে নিজ বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন ফুলবড়ু। এসময় পাশের বাড়ির সিরাজুল ইসলাম (৩৮) কথা বলার ছলে বৃদ্ধার গলায় থাকা স্বর্ণের চেইনটি চুরির চেষ্টা চালায়। এসময় বৃদ্ধা বিষয়টি বুঝতে পারলে সবাইকে জানানোর কথা বলেন। পরে ওই সিরাজুল ইসলাম ছুরি দিয়ে বৃদ্ধার গলা কেটে তাকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে এবং সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।



