শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট সদর উপজেলার ১৬২টি মন্দিরে সরকারি সহায়তার চাল এবং হিন্দু ধর্মাবলম্বী ভক্তদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকালে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এসব সহায়তা বিতরণ করেন। এ সময় ১ হাজার ৭০০ পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাল ও উপহারসামগ্রী দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করেন। দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের মন্দিরগুলোতে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, গত বছর দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মন্দিরের জন্য ৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। এবার তা বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে।
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস।
এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।



