শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
১লা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পিএমসর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পিএম
নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনাই গ্রামের বাসিন্দা। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি ছিলেন।

পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন, যেখানে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে নিয়মিত পোস্ট দিতেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্তরাইল বাজারে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে একটি দোকানে অন্যদের সঙ্গে আলাপ করছিলেন আলিফ। এ সময় মোটরসাইকেলে করে দুই যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলির শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আলিফকে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, আলিফের মাথা, ঘাড় ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত তিনটি গুলির ক্ষত পাওয়া গেছে।সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা ঘটনা তদন্ত করছি এবং জড়িতদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।

হামলাকারীদের পরিচয় কিংবা হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি।

এর আগে গত বছরের ১০ নভেম্বর দুর্গাপুরে সোমেশ্বরী নদীর তীরে তেরিবাজার ঘাটের কাছে আরেকটি হামলা থেকে বেঁচে গিয়েছিলেন আলিফ। ওই ঘটনায় অজ্ঞাতপরিচয় হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় তার এক সহকর্মী বাধা দিতে গেলে তাকেও অস্ত্রের মুখে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ