নেত্রকোনার কেন্দুয়ায় জুয়া খেলার অভিযোগে এক ইউপি সদস্যসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের গন্ডা বাজারে গোলাম মোস্তফার দোকানের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, গন্ডা ইউনিয়নের চড়গন্ডা গ্রামের মৃত আব্দুল গণি ভূঁইয়ার ছেলে ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. হাফিজুর রহমান ওরফে খোকন, একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে কুরুম মিয়া, মনকান্দা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. চন্দু মিয়া, মৃত আব্দুল হেকিমের ছেলে আলী ওসমান, বীরমহুরী গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে ও উপজেলা বিএনপির সদস্য মো. সোহাগ মিয়া এবং মরিচপুর গ্রামের মৃত আতবজানের ছেলে মো. মজিবুর রহমান।
কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গন্ডা বাজারের একটি দোকানের ভেতরে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। এ ঘটনায় জুয়া আইনে মামলা করা হয়েছে। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।



