মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরিত্যক্ত একটি জমি থেকে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বাবা চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিশু তওবার মরদেহ উদ্ধার করে পুলিশ। দুপুরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবা গোলাপ হোসেন (৩৮)।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় এখনো আমরা কিছু নিশ্চিত করে বলতে পারছি না।
স্থানীয়দের বরাতে ওসি জানান, গতকাল বুধবার বিকেলে লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে মেয়েকে নিয়ে নিজের বাড়ি রামকৃষ্ণদী গ্রামে ফিরছিলেন গোলাপ হোসেন। এ সময় দুইজনের ওপর হামলা হয় বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আজ সকালে রামকৃষ্ণদী গ্রামে পরিত্যক্ত একটি জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। একইসঙ্গে আহত গোলাপ হোসেনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
ওসি আলাউদ্দিন বলেন, ‘তদন্তের স্বার্থে আটক ব্যক্তির পরিচয় গোপন রাখা হয়েছে।



