নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল হত্যার বিচার, অভিযুক্ত এমপিপুত্র মিন্টুর ফাঁসি এবং নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা শাকিল হত্যার বিচারের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শাকিলের মৃত্যুর ঘটনায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে মিন্টু ও তার এক সহযোগীর বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে বক্তব্য দেন সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদলের সভাপতি ফরহাদ হাসান সোহাগ। তিনি বলেন, এমপিপুত্র মিন্টুর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রদল থেমে থাকবে না। সংসদ সদস্য আব্দুল আজিজের সংসদ সদস্যপদ বাতিলের দাবি আদায় না হওয়া পর্যন্ত কলেজ ছাত্রদল প্রতিদিন অবস্থান কর্মসূচি পালন করবে, তা ১০ মিনিটের জন্য হলেও।
কর্মসূচিতে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম নাসিম, সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আলী, সহ-সভাপতি মিনহাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তপন কুমার, উপজেলা ছাত্রদল নেতা আহসান হাবীব কুইকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচি থেকে শাকিল হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাতে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন ছাত্রদল নেতা শাকিল। অভিযোগ, প্রথমে তাকে গুলি করা হয়, পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৬ অক্টোবর রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।



