বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ এবং গ্রেপ্তার তরুণী নিশাত তাসনিম দিশাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করছে নৌপুলিশ। চার দিনের রিমান্ডে থাকা এই দুজনকে নৌপুলিশের হেফাজতে রেখে তাদের দেওয়া তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে।
নৌপুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার পুলিশ সুপার মাসুমা আক্তার জানান, ঘটনার মূল রহস্য উদঘাটনে দীপ ও তরুণীর বক্তব্য পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। উভয়ের কাছ থেকে পাওয়া তথ্যের মধ্যে কোনো অসংগতি রয়েছে কি না, তা যাচাই করতেই তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মামলার তদন্ত–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে দীপের সঙ্গে মোটরসাইকেলে বের হন তাহসিফ সাউরি। এরপর ওই তরুণীকে সঙ্গে নিয়ে উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বারে যান তাহসিফ, যেখানে দীপও তাদের সঙ্গে ছিলেন। সেখানে অবস্থানকালে তাহসিফের সঙ্গে ওই তরুণীর কিছুটা মনোমালিন্য হয়। প্রায় ঘণ্টাখানেক পর বার থেকে বেরিয়ে তাহসিফ নিজেই মোটরসাইকেলে করে ওই তরুণীকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আসেন। বারের ঘটনার প্রকৃত কারণ ও পরবর্তী গতিবিধি নিশ্চিত হতে দীপ ও ওই তরুণীর বয়ান মিলিয়ে দেখা হচ্ছে।
এদিকে ঘটনার রাতে টঙ্গীর মাজার বস্তি এলাকার ঘটনা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, মাজার বস্তি এলাকায় পুলিশের পোশাক পরা দুজন সদস্যকে দেখে তারা ভয় পেয়ে দুই দিকে দৌড় দেন। দীপ তুরাগ নদের তীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পিলারের কাছে গিয়ে লুকিয়ে পড়েন। পরবর্তীতে ওই দুই পুলিশ সদস্য সেখানে এসে তাকে জিজ্ঞাসাবাদ করেন। তখন তিনি তাহসিফের সঙ্গে এসেছেন বলে জানালে পুলিশ সদস্যরা কথা না বাড়িয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলেন। এর পর থেকে তাহসিফের সঙ্গে তার আর দেখা হয়নি বলে দাবি দীপের।
তবে তথ্যপ্রযুক্তি ও তদন্তের তথ্যে দেখা যায়, রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ তার মায়ের মুঠোফোনে শেষ ভয়েস বার্তা পাঠিয়ে বলেন, ‘আসতেছি, রওনা দিছি।’ এর ঠিক চার মিনিট পর অর্থাৎ রাত ১টা ৩৯ মিনিটে দীপ মোহাম্মদপুরে তার ভাড়া বাসার দারোয়ানকে ফোন করে জানান যে তার ফিরতে দেরি হবে। পরে রাত আড়াইটার দিকে দীপ একাই বাসায় ফেরেন।
তদন্তসংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ সূত্র নিশ্চিত করেছে, ঘটনার সময় টঙ্গীর মাজার বস্তি এলাকায় আট সদস্যের একটি পুলিশ টহল দল দায়িত্ব পালন করছিল। তাহসিফের মৃত্যুর সঙ্গে ওই টহল দলের কোনো ভূমিকা বা সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সেই পুলিশ সদস্যদেরও ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে নৌপুলিশ। এছাড়া স্থানীয়দের সরবরাহ করা ভিডিও ফুটেজ এবং নৌপুলিশের সংগৃহীত বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া হচ্ছে।
গত ২৭ অক্টোবর রাতে নিখোঁজ হওয়ার পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহালের সময় তার ট্রাউজারের পকেটে পাওয়া আইফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত হয়। পিবিআই সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে মোহাম্মদপুর থেকে দীপকে আটক করে এবং তার তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে।
পরে দীপকে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হলে তাহসিফের বাবার দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে গত শনিবার মধ্যরাতে মিরপুর ১৪ নম্বর এলাকা থেকে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয় এবং আদালত তারও চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার ছিল দিশার রিমান্ডের প্রথম দিন এবং দীপের রিমান্ডের দ্বিতীয় দিন।



