‘স্ত্রী ২’ সিনেমার আকাশছোঁয়া সাফল্যের পর একের পর এক সিনেমার প্রস্তাব পেয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সেই সঙ্গে ছিল মোটা অঙ্কের পারিশ্রমিকের আশ্বাসও। তবু অন্যদের মতো গা ভাসাননি বলে জানিয়েছেন অভিনেত্রী।
বক্স অফিসে ঝড় তোলা সিনেমার সাফল্যের পর সাধারণত নতুন কাজের প্রস্তাবে ভেসে যান তারকারা। পারিশ্রমিকের অঙ্কও তখন বেড়ে যায় কয়েক গুণ। এদিক থেকে ব্যতিক্রম ছিলেন শ্রদ্ধা কাপুর। অভিনেত্রীর সিদ্ধান্ত ছিল কিছুটা ভিন্ন। শুধু অর্থ কিংবা কাজের সুযোগ নয়, নিজের পছন্দের গল্পের অপেক্ষায় কোনো সিনেমাতেই চুক্তিবদ্ধ হননি এ অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ভক্ত-অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে নিজের ক্যারিয়ারের এই অভিজ্ঞতা তুলে ধরেন শ্রদ্ধা কাপুর। এক ভক্ত তরুণীদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে কী পরামর্শ দেবেন? তা জানতে চান অভিনেত্রীর কাছে। এমন প্রশ্নের উত্তরে নিজের জীবনের উদাহরণ টেনে শ্রদ্ধা কাপুর বলেন, ‘স্ত্রী ২’ সিনেমার পর তাকে অনেক সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল। পারিশ্রমিকের প্রস্তাবও ছিল আকাশছোঁয়া। কিন্তু মনের কথা শুনে ঠিক করেছিলেন, পছন্দসই গল্প না পাওয়া পর্যন্ত নতুন কোনো কাজে চুক্তিবদ্ধ হবেন না তিনি।
অভিনেত্রী আরও বলেন, ‘আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলব— ‘স্ত্রী ২’ সিনেমা সাফল্যের পর আমাকে অনেক সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল। ভালো পারিশ্রমিকের প্রস্তাবও পেয়েছি। কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম, নিখুঁত একটি গল্প না পাওয়া পর্যন্ত কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হব না। আমার মন বলেছিল, এই ধৈর্য আমাকে ধরে রাখতে হবে। আমি সেটাই করেছি।
দীর্ঘ অপেক্ষার সেই সময়টা সহজ ছিল না বলেও জানান শ্রদ্ধা কাপুর। তবে নিজের সিদ্ধান্তে অটল থাকার সুফল এখন অনুভব করছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আপনি মন থেকে কোনো কিছু চাইলে সেটার জন্য অপেক্ষা করা কঠিন হয়ে পড়ে। '
তিনি বলেন, 'কিন্তু এখন মনে হয়, অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়ে আমি গর্বিত। তাই বলব— নিজের মনের কথা শুনুন। কখনো কখনো পথটা কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তা সার্থক হয়।






