বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ৬:৪৩ পিএমসর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ৬:৪৩ পিএম
চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি উল্লেখযোগ্য অর্জন। এএইকে এথেন্সের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-২ গোলের জয়ের ম্যাচে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১০০ গোলে অবদান রাখার মাইলফলক স্পর্শ করেছেন ফরাসি ফরোয়ার্ড। মাত্র ১০২ ম্যাচে এই কীর্তি গড়ে প্রতিযোগিতাটির ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হয়েছেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে ১০২ ম্যাচে এমবাপ্পের গোলসংখ্যা ৭৪, সঙ্গে রয়েছে ২৬টি অ্যাসিস্ট। অপটার পরিসংখ্যান অনুযায়ী, একই সংখ্যক ম্যাচে ১০০ গোলে অবদান রেখে তার পাশে রয়েছেন বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার সাবেক স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। এই মাইলফলকে পৌঁছাতে লিওনেল মেসির লেগেছিল ১০১ ম্যাচ।

অন্যদিকে ১৮২টি গোলে অবদান রেখে তালিকার শীর্ষে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে ১৪০ গোলের পাশাপাশি ৪২টি অ্যাসিস্ট রয়েছে পর্তুগিজ মহাতারকার।

এথেন্সের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছিল উত্তেজনা। ১২ মিনিটে লুকা ইয়োভিচের পাস থেকে গোল করে এএইকে এথেন্সকে এগিয়ে দেন আবৌবাকারি কোইতা। তবে ৩২ মিনিটে জুড বেলিংহামের দারুণ ব্যাকহিল ফিনিশিংয়ে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটে কোইতার পাস থেকে গোল করে স্বাগতিকদের আবারও এগিয়ে দেন স্টাভ্রো পিলো। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এএইকে। তিন মিনিট পর ডেনজেল ডামফ্রিসের নিচু ক্রস থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান এমবাপ্পে। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ১০০তম গোল অবদান পূর্ণ করেন তিনি।

ম্যাচের শেষ দিকে ড্রয়ের সম্ভাবনা তৈরি হলেও শেষ মুহূর্তে ফেদেরিকো ভালভের্দের দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ ক্লাবটি।

এ ম্যাচে গোলের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা ছয় ম্যাচে গোল করার ধারাবাহিকতা বজায় রেখেছেন এমবাপ্পে। ২৭ বছর বয়সি এই ফরোয়ার্ডের এমন পারফরম্যান্সে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় রিয়ালের আক্রমণভাগ আরও ধারালো হয়ে উঠেছে। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দলের জয়ের নায়ক হয়েও নিজের রেকর্ডের খাতায় নতুন অধ্যায় যোগ করলেন ফরাসি অধিনায়ক।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ