সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
২৪শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

শিশুকে নিপীড়নের দায়ে মক্তব শিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

শিশুকে নিপীড়নের দায়ে মক্তব শিক্ষকের ৭ বছরের কারাদণ্ড...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৭:৪১ পিএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ৭:৪১ পিএম
শিশুকে নিপীড়নের দায়ে মক্তব শিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরের নগরকান্দায় ১০ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে আরিফুল ইসলাম (২৬) নামে এক মক্তব শিক্ষককে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের মো. খবির মোল্যার ছেলে। রায় ঘোষণার পর তাকে পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত আরিফুল ইসলাম নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের একটি মসজিদে ইমামতি করতেন। পাশাপাশি মসজিদে সকালে শিশুদের মক্তবের মাধ্যমে ধর্মীয় শিক্ষা দিতেন। আরিফুল ইসলাম ২০২৪ সালের ৫ অক্টোবর ভোরে বৃষ্টি হওয়ায় মাইকে শিশুদের ডাকেননি। এর মধ্যেই ভুক্তভোগী শিশুটি মসজিদে চলে যায়। তখনও অন্য কোনো শিশু মসজিদে না আসায় শিশুটিকে একা পেয়ে যৌন নিপীড়ন করেন আরিফুল। পরে শিশুটি কৌশলে দরজা খুলে দৌড়ে বের হয় এবং বাড়িতে গিয়ে ঘটনাটি পরিবারকে জানায়। এমন খবরে পরিবারের সদস্য ও স্থানীয়রা মসজিদে গিয়ে আরিফুল ইসলামকে আটক করে পুলিশকে জানান। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

এ ঘটনায় ওইদিন নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী শিশুটির মা মামলা করেন এবং ওই মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ আরিফুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওই মামলায় একই বছরের ১৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক শহিদুল ইসলাম।

রায়ের সত্যতা নিশ্চিত করে ট্রাইব্যুনালের পিপি গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এই রায়ের মধ্য দিয়ে সমাজে কিছুটা হলেও এমন অপকর্ম কমবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ