খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ফেলে রাখা আজমেরী পরিবহণের দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৯ নভেম্বর) ভোর ও সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে ঢাকায় চলাচল করে আজমেরী পরিবহণের বাস। সজল মিয়া নামে এক ব্যবসায়ীর মালিকানাধীন বাস দুটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে রাখা ছিল।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা বাস দুটির একটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই এলাকায় কাজলী ফিলিং স্টেশনের পাশে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি ঘটনায়ই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, একই মালিকের বাস দুটি দুই থেকে তিন মাস ধরে ফেলে রাখা হয়েছিল। দুটির কোনোটিতেই ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ মালামাল ছিল না। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরিয়ে দিয়েছে।






