সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
২৪শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

মাকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মিছিল

মাকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মিছিল...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৮:১২ পিএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ৮:১২ পিএম
মাকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মিছিল

রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম নিজের মাকে সঙ্গে নিয়ে নিজ এলাকায় শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছেন।

শনিবার (৭ নভেম্বর) ভোর ৬টার দিকে প্রায় অর্ধশত নেতাকর্মী সঙ্গে নিয়ে তিনি এ মিছিল করেন। মিছিলের এমন একাধিক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় আজ (রোববার) ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন, পাংশার বাহাদুরপুর ইউনিয়নের বাগমারা গ্রামের সাইফুল ইসলাম প্রামাণিক (২০), ইরান প্রামাণিক (২২), রাব্বি হোসেন (২২) এবং মেঘনা উত্তরপাড়া গ্রামের নয়ন মোল্লা (২০) ও সুহান শেক ওরফে সোহান (২৩)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থানায় দায়েরকৃত নাশকতা মামলায় পাঁচজনকে গ্রেফতার দেখিয়ে আজ (রোববার) দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নজরুল ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে তার মাকে সঙ্গে নিয়ে মিছিলের ভিডিও ও ছবি পোস্ট করেন। এরপর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, সাবেক ছাত্রলীগ (নিষিদ্ধ) নেতা নজরুল ইসলাম ব্যানারের সামনে তার মাকে সঙ্গে নিয়ে মিছিলের স্লোগান দিচ্ছেন। তাদের পেছনে ব্যানার হাতে বেশ কিছু ছাত্রলীগের নেতাকর্মী।

ফেসবুকে ভিডিও ও ছবি পোস্ট করার সময় তিনি লেখেন, ‘এই জনপথ আমার নিজস্ব গ্রামের রাস্তা! বাম পাশে আমার মা, তার বাম পাশে আবার বাড়ি। এই পাংশা আমাদের, এই রাজবাড়ী আমাদের। এখানে বড় হয়েছি! এই আলো-বাতাসের কাছে অনেক ঋণ আছে। তাই এই ঘর থেকেই মুক্তির আন্দোলন শুরু করছি! এখানকার পথচলা ঢাকার রাজপথে বিপ্লবের জন্ম দিবে। অনেকদিন পর হাঁটতে পারছি। আমার ও আমার পরিবারকে মব করে ২০২৫ সালে জানুয়ারিতে পঙ্গু করা হয়, বিশেষ করে আমাকে। তারপরও শত থ্রেট, কয়েকবার হামলা আর চাঁদার টাকা। আমি নিজে হাঁটতে পারিনি প্রায় দেড় বছরের বেশি। এখনও আমার পা সুস্থ নয়। কিন্তু আমাদেরকে শেষ করা যাবে না। জানি আবার শুরু হবে বাসা লুটপাট আর ভাঙচুর। তবে মাথায় রাখিয়েন, জবাব একদিন দিতে হবে। পা কিছুটা ভালো হয়েছে। ট্রায়াল শুরু হয়েছে। বড় কিছু অপেক্ষা করছে।

তিনি আরও লেখেন, ৫ আগস্টের পর এখন পর্যন্ত আমাদের বাড়িতে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। আমার নামে ১৯টির মতো মিথ্যা মামলাও হয়েছে। আমি জানি আজকের মিছিলের পর আবার নতুন করে মামলা হবে। হামলা-মামলার ভয়ে বাড়িতে আমার বা-বাবা কেউ নেই। তারপরও এখন থেকে আর বসে থাকার সুযোগ নেই। যার যার জায়গা থেকে আন্দোলন চালিয়ে যাব আমরা।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান সাংবাদিকদের বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের বিষয়টি সন্ধ্যার পর জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। আমাদের হাতে আসা ভিডিও ও ছবি দেখে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। যারা এই রাষ্ট্রবিরোধী কাজে জড়িত আছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ