সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
২৪শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

লিবিয়ায় দুই বন্ধুকে আটকে নির্যাতন, ৪০ লাখেও মেলেনি মুক্তি

লিবিয়ায় দুই বন্ধুকে আটকে নির্যাতন, ৪০ লাখেও মেলেনি মুক্তি...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ৯:০৩ পিএমসর্বশেষ: ৯ নভেম্বর ২০২৬, ৯:০৩ পিএম
লিবিয়ায় দুই বন্ধুকে আটকে নির্যাতন, ৪০ লাখেও মেলেনি মুক্তি

নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে কয়েক দফায় দাবি করা হয়েছে মুক্তিপণ।

ইউরোপে গিয়ে ভাগ্য বদলানোর স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন শরীয়তপুরের দুই বন্ধু কামাল খলিফা ও আতিক মাঝি। কিন্তু সেই স্বপ্ন এখন তাদের পরিবারের কাছে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। মানবপাচারকারীদের খপ্পরে পড়ে তারা লিবিয়ায় বন্দি রয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেখানে তাদের আটকে রেখে চালানো হচ্ছে শারীরিক নির্যাতন। নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে কয়েক দফায় দাবি করা হয়েছে মুক্তিপণ।

এ ঘটনায় সোমবার (৯ নভেম্বর) প্রধান অভিযুক্ত আকাশ সরদারকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

সন্তানদের জীবন বাঁচাতে জমিজমা ও সহায়-সম্বল বিক্রি করে দুই পরিবার ইতোমধ্যে প্রায় ৪০ লাখ টাকা দিয়েছে। তবু মুক্তি মেলেনি তাদের।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নড়িয়া পৌরসভার লোনসিং এলাকার আকাশ সরদারের প্রলোভনে পড়ে প্রায় তিন মাস আগে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন কামাল ও আতিক। পরে তাদের লিবিয়ায় নিয়ে আটকে রাখা হয় এবং মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। এরপর থেকেই শুরু হয় নির্যাতন ও মুক্তিপণ আদায়ের জন্য চাপ।

পরিবারের কাছে পাঠানো একটি ভিডিওতে দেখা যায়, একটি বদ্ধ ঘরের মেঝেতে বসিয়ে দুই যুবককে বেল্ট দিয়ে মারধর করা হচ্ছে। একপর্যায়ে তারা মাথায় হাত দিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করছেন। এমন ভিডিও দেখে দুই পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাহেরকুশিয়া এলাকার বাসিন্দা কামাল খলিফা। কম্পিউটার কম্পোজের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। পাশাপাশি স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চার বছর আগে তার বাবা বাচ্চু খলিফা মারা যান। নানা প্রতিকূলতার মধ্যেও মাকে নিয়ে ভালো থাকার স্বপ্ন দেখতেন কামাল। কিন্তু ছেলের বন্দি ও নির্যাতিত হওয়ার খবর পেয়ে ভেঙে পড়েছেন মা কামরুন নাহার।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ছেলেকে বাঁচানোর জন্য আমাদের যা ছিল, সব বিক্রি করে দিয়েছি। প্রায় ২০ লাখ টাকা দিয়েছি। তারপরও তারা আমার ছেলেকে ছাড়ছে না। এখন আবার টাকা চাইছে। আমার ছেলেকে জীবিত ফিরিয়ে দেন। আমি আর কিছু চাই না।

অন্যদিকে, ডিঙ্গামানিক ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার আতিক মাঝি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করে সংসার চালাতেন তিনি। বাড়িতে রেখে গেছেন বৃদ্ধ মা আমেনা খাতুন, স্ত্রী আফরোজা আক্তার ও এক বছরের শিশুসন্তান মূসাকে। তার বড় ভাইও বাক্প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বন্দি থাকায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের।

আতিকের মা আমেনা খাতুন বলেন, আমার ছেলেকে বিদেশে পাঠানোর কথা বলে নিয়ে গেছে। এখন শুনি, তাকে আটকে রেখে মারধর করছে। ছেলেকে ফেরত পাওয়ার জন্য অনেক টাকা দিয়েছি। এখন আর টাকা দেওয়ার সামর্থ্য নেই। সরকারের কাছে অনুরোধ, আমার ছেলেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।

আতিকের স্ত্রী আফরোজা আক্তার বলেন, আমার ছোট্ট একটা সন্তান আছে। তার বাবা ছাড়া আমরা কীভাবে বাঁচব? প্রতিদিন স্বামীর জন্য অপেক্ষা করি। নির্যাতনের ভিডিও দেখার পর থেকে আতঙ্কে আছি। আমরা টাকা চাই না, আমার স্বামীকে জীবিত ফেরত চাই।

দুই বন্ধুর এমন পরিণতিতে উদ্বিগ্ন স্বজন ও প্রতিবেশীরাও। স্থানীয় বাসিন্দা জিহান রাব্বানী জাকির বলেন, দুই পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়ার পরও তাদের মুক্তি দেওয়া হচ্ছে না। নির্যাতনের ভিডিও দেখে সবাই আতঙ্কিত। দ্রুত দুই যুবককে জীবিত উদ্ধার এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের শরীয়তপুর জেলা সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, মানবপাচার গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। বিদেশে কর্মসংস্থান কিংবা উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে কাউকে নিয়ে গিয়ে জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কামাল ও আতিককে দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দূতাবাস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে এ চক্রের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এদিকে, এ ঘটনায় প্রধান অভিযুক্ত আকাশ সরদারকে গ্রেফতার করা হয়েছে। লিবিয়ায় বন্দি দুই যুবককে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে জেলা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া জামান বলেন, এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মানবপাচার আইনে দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে। ভুক্তভোগীদের উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মানবপাচারের সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ