রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে দুর্বৃত্তের গুলিতে অরুণা চাকমা (৩০) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) সাজেক ইউনিয়নের শুকনাছড়ার ১০ নম্বর নতুনপাড়ায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অরুণা চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য সুরেশ চাকমার স্ত্রী বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, অরুণা চাকমা নিজ বাড়ির দরজার সামনে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় অপরিচিত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে শর্টগান দিয়ে গুলি করে। এতে তার ডান পায়ের হাঁটুর ওপরের অংশ এবং ডান হাতের কনুইয়ের ওপরের অংশে গুলি লাগে। হামলার পরপরই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনাবাহিনীর দীঘিনালা জোনে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাতেই তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
এদিকে সাজেক পর্যটন সড়কে চলমান অনির্দিষ্টকালের অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গত ২২ অক্টোবর থেকে এ অবরোধ চলছে বলে জানিয়েছেন সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন।
তিনি জানান, অবরোধের মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে। কারা এবং কী কারণে হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।






