Home Blog Page 17

বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃবরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল পর্যন্ত চলা এই সমাবেশে শিক্ষা পরিবেশের উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট কামরুল ইসলাম সজল। তিনি শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও আধুনিক শিক্ষা অর্জনে অভিভাবক এবং শিক্ষকদের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মাসুদ মোর্শেদ, গৌরনদী প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন মিয়া, এবং চাঁদশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আকবার হোসেন মোল্লা। তারা প্রত্যেকে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও বিদ্যালয়ের মানোন্নয়নে প্রশাসন ও অভিভাবকদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন। বক্তব্যে বক্তারা বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম, পাঠদানের গুণগত মান বৃদ্ধি, সুশিক্ষা ও নৈতিকতার বিকাশে অভিভাবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সমাবেশ শেষে শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয় এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

ঝিনাইদহের মহেশপুরের সড়কে গাছ ফেলে ডাকাতি

মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে সড়কের ওপর গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কোটচাদপুর-জীবননগর সড়কের কাটাখালি পুলিশ বক্সের ঠিক সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মেহেদী হাসান জানান, সেদিন রাতে পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলায় আমির হামজার ওয়াজ মাহফিল শুনে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন মোস্তাক ও আরিফুল নামে তাঁর দুই সঙ্গী। সুন্দরপুর ও খালিশপুর গ্রামের উদ্দেশ্যে ফেরার পথে কাটাখালি পুলিশ বক্সের কাছে পৌঁছালে হঠাৎ রাস্তার ওপর ফেলে রাখা বড় একটি মেহগনি গাছে তাঁদের পথ আটকে যায়।

মেহেদীর ভাষ্য, গাছটি ফেলার সঙ্গে সঙ্গে ৩/৪জনের একটি ডাকাত দল ধারালো দা ও লাঠিসোটা নিয়ে তাঁদের ঘিরে ফেলে। এ সময় তাদের কাছে থাকা ১৩ হাজার নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা। একই স্থানে দাঁড় করানো হয় দুটি ট্রাকও। সেসব ট্রাকচালকদের কাছ থেকেও টাকা-পয়সা লুটে নেয় ডাকাত দল।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও ডাকাতদের কাউকে আটক করতে পারেনি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে অভিযান চলছে।

বরিশালে ‘আপ বাংলাদেশের’ রাজনৈতিক কর্মশালা: সাংগঠনিক ভিত্তি মজবুত করার আহ্বান

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর উদ্যোগে বরিশাল জোনের রাজনৈতিক কর্মশালা ও সাংগঠনিক সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বরিশাল অঞ্চলে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে এই সভা আয়োজিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের ভিত্তি মজবুত করতে এবং লক্ষ্য অর্জনে তৃণমূল নেতাকর্মীদের একযোগে ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, তৃণমূলের সক্রিয়তা ছাড়া কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো মজবুত হতে পারে না।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক আহছান উল্লাহ এবং তৌসিফ মাহমুদ সোহান। তাঁরা সংগঠনের আদর্শ প্রচার, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক সাংগঠনিক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল মহানগর শাখার আহবায়ক জাহিদ হাসান তন্ময়। আঞ্চলিক পর্যায়ের নেতাদের মধ্যে ঝালকাঠি জেলা আহবায়ক শাহাদাত হোসাইন, বরিশাল জেলা যুগ্ম আহবায়ক আহমাদুল্লাহ নবীন এবং পটুয়াখালী জেলা সদস্য সচিব আল ইমরান সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা সকলেই বরিশাল অঞ্চলে দলীয় কার্যক্রমের বিস্তার ঘটানো, তরুণ নেতৃত্ব গড়ে তোলা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভাটি সার্বিকভাবে পরিচালনা করেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের বরিশাল মহানগর শাখার সদস্য সচিব এফ. এম. মুরশীদ আলম।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ১৭ নভেম্বর সোমবার

0

 

স্টাফ রিপোর্টারঃ১৩ নভেম্বরকে (বৃহস্পতিবার) ঘিরে গত দুইদিন ধরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল গোটা দেশে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন ধরনের নাশকতা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলের সমর্থকরা। মূলত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে এই উত্তেজনা দেখা যায়। অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই রায়ের দিন তারিখ নির্ধারণ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার ঘোষণা করেছে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী সোমবার ১৭ নভেম্বর ঘোষণা করা হবে। ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল এই দিন তারিখ নির্ধারণ করেন। শেখ হাসিনা ছাড়া মামলার অন্য দুই আসামি হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

এদিকে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের জানান, রায়ে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড প্রত্যাশা করছেন তারা। তবে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুনের ভাগ্য আদালতই নির্ধারণ করবেন।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশি-বিদেশে প্রপাগান্ডা ছড়িয়ে বিচার প্রক্রিয়া বানচাল করার চেষ্টা করছে। তবে তিনি দাবি করেন, বিচার তার নিজস্ব গতিতে এগোচ্ছে এবং ট্রাইবুনাল কোন পক্ষের দ্বারা প্রভাবিত হবে না।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল পুনর্গঠন করা হয়। জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি দায়ের করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। গত বছরের ১৭ অক্টোবর এই মামলার প্রথম বিচারকার্য অনুষ্ঠিত হয় এবং সেই দিনই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এবার এই মামলার রায় ঘোষনার তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।

উল্লেখ্য শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে মোট ৫৮৩ টি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলা রয়েছে ৩২৪ টি। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ টি মামলা রয়েছে। এই মামলা গুলোর মধ্যে মানবতা বিরোধী অপরাধ, গনহত্যা, হত্যা, হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর, মারধর, অগ্নিসংযোগ, ভয়-ভীতি প্রদর্শন, লুটপাট, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ রয়েছে।

এনসিপির প্রার্থী হিসেবে বরিশাল-১ আসনে মনোনয়ন পেলেন মাজহারুল ইসলাম নিপু

স্টাফ রিপোর্টারঃ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন দিয়েছে মাজহারুল ইসলাম নিপুকে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামটরস্থ এনসিপি কার্যালয়ে তাকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়।মনোনয়ন প্রদানের সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সচিব এস এম সাইফ মোস্তাফিজ, কেন্দ্রীয় সংগঠক মো. রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, জেলা যুগ্ম সমন্বয়কারী আবেদ আহমেদ রনি, বরিশাল জেলা এনসিপি সদস্য সাবিত হোসেন শান্ত, মহানগর সংগঠক সৈয়দ মোরশেদ মাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।মনোনয়ন পেয়ে প্রতিক্রিয়ায় মাজহারুল ইসলাম নিপু বলেন, “বরিশাল-১ আসনে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাতে এই আসনটি এখন এনসিপির জন্য নিশ্চিত হলো। স্বাধীনতার এত বছর পরেও দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। অসহায় ও খেটে খাওয়া মানুষ বরাবরই শোষণের শিকার। আমরা শাসক হতে চাই না, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।”

উল্লেখ্য, বরিশাল-১ আসনে ইতোমধ্যে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জহির উদ্দীন স্বপন, জামায়াতে ইসলাম থেকে মাওলানা কামরুল ইসলাম খান, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে প্রার্থী হয়েছেন মুহাম্মদ রাসেল সরদার মেহেদী।

বরিশালে নতুন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক যোগদান

 

বরিশাল ব্যুরো:
বরিশাল বিভাগে প্রশাসনিক দায়িত্বে এসেছে নতুন নেতৃত্ব। নতুন বিভাগীয় কমিশনার হিসেবে যোগ দিয়েছেন মোঃ মাহফুজুর রহমান, আর নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খায়রুল আলম সুমন।

প্রশাসনের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের পর দুই কর্মকর্তা বরিশালের সার্বিক উন্নয়ন, সুশাসন, ও জনসেবার মানোন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

নতুন বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমান বলেন, “বরিশাল একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় অঞ্চল। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।”

অন্যদিকে জেলা প্রশাসক খায়রুল আলম সুমন জানান, “জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে সমস্যা সমাধানে কাজ করব। উন্নয়ন ও সুশাসনের ধারাবাহিকতা রক্ষা করাই হবে মূল লক্ষ্য।”

বরিশালের স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজ নতুন এই দুই কর্মকর্তার দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে এবং বরিশালের সার্বিক অগ্রযাত্রায় তাদের সফলতা কামনা করেছে।

ঢাকা-বরিশাল মহাসড়কে ঈগল পরিবহনের ভয়াবহ দুর্ঘটনা: নিহত ১

মাদারীপুর প্রতিনিধিঃ

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনি পৌরসভার ভুরঘাটা এলাকায় আজ বৃহস্পতিবার রাতে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ঢাকাগামী দিক থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ভুরঘাটা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি গাছের সাথে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং একজন গুরুতর আহত অবস্থায় আটকে আছেন, তবে তিনি জীবিত আছেন বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতাল ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।দুর্ঘটনার কারণ প্রাথমিকভাবে অতিরিক্ত গতিই বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মানবতার এক উষ্ণ ছোঁয়া : অসহায় খ্রিস্টান পরিবারের পাশে বন্ধু মহল ফাউন্ডেশন

ডেইলী বরিশাল নিউজ ডেস্কঃ

বরিশালের  আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নে এক খ্রিস্টান অসহায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। হঠাৎ করেই ভেঙে পড়েছে পরিবারের সকল আশা-ভরসা। রেখে গেছেন তিনটি ছোট সন্তান, স্ত্রী ও এক বৃদ্ধা মাকে। জীবনের কঠিন বাস্তবতায় অনিশ্চয়তার ভারে নুয়ে পড়েছে এই পরিবার।এই মানবিক মুহূর্তে পাশে দাঁড়িয়েছে বন্ধু মহল ফাউন্ডেশন। পরিবারের স্বনির্ভরতার স্বপ্নে নতুন আলো জ্বালাতে সংগঠনের পক্ষ থেকে অসহায় ওই পরিবারের কাছে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে, যাতে মা ও স্ত্রী নিজ হাতে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন।বন্ধু মহল ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় — “আমরা জানি, প্রতিটি সাহায্য পৃথিবী বদলে দিতে পারে না, কিন্তু তা একজন মানুষের ভাঙা পৃথিবীটাকে নতুন করে গড়ে তোলার সাহস দিতে পারে।”এই মানবিক কাজে সহযোগিতা ও সেলাই মেশিনটি সুন্দরভাবে হস্তান্তর করার জন্য বিশেষ ধন্যবাদ জানানো হয় ফারদিন আহমেদ নিয়াজ ভাইকে।

বন্ধু মহল ফাউন্ডেশন সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। সংগঠনের পক্ষ থেকে সকল হৃদয়বান মানুষকে আহ্বান জানানো হয়েছে— “আপনারাও চাইলে এমন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে আলো ফিরিয়ে আনতে পারেন।”

আগৈলঝাড়ায় কলেজ ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, অধ্যক্ষের হস্তক্ষেপে সমঝোতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালের আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে ঘটে যাওয়া এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩-৪ জন কর্মী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ছাত্রদল সদস্য সৈকত ইসলামকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাকিব জানান, “একটি পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মো. সৌরভ পাইক ও দ্বাদশ শ্রেণির ছাত্র সৈকত ইসলামের মধ্যে পূর্বের বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে আজ সকালে কলেজ চত্বরে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।”

ঘটনার পরপরই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন আলী আজমের উদ্যোগে তাঁর কার্যালয়ে বসে দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষক কামরুল ইসলাম, শিক্ষক রুহুল আমিন, কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাকিব ও সাধারণ সম্পাদক শাওন ফকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমঝোতা শেষে সভাপতি সাকিব বলেন, “উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমস্যার সমাধান করেছি।”

অধ্যক্ষ মহিউদ্দিন আলী আজম শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, “ভবিষ্যতে এ ধরনের সংঘর্ষ বা বিশৃঙ্খল আচরণ যেন আর কলেজে না ঘটে। কলেজের পরিবেশ শান্তিপূর্ণ রাখাই আমাদের সবার দায়িত্ব।”

এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গৌরনদীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বরিশাল গৌরনদী প্রতিনিধিঃ

আজ গৌরনদী উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হলো জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ইসলামী ফাউন্ডেশন গৌরনদী উপজেলার আয়োজনে এ প্রতিযোগিতায় কোমলমতি হাফেজ ও শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম। তিনি বিজয়ী হাফেজ ও প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা অর্জনে উৎসাহিত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, যিনি তরুণ প্রজন্মের মাঝে ইসলামি সংস্কৃতি ও চেতনা বিকাশে ইসলামী ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন ইসলামী ফাউন্ডেশন গৌরনদী উপজেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।