Home Blog Page 8

বানারীপাড়ায় নান্দুহার খালে অভিযান: বিপুল পরিমাণ বাধা জাল আটক, ধ্বংসের নির্দেশ

স্টাফ রিপোর্টার

বরিশালের বানারীপাড়া উপজেলার নান্দুহার খালে অভিযান চালিয়ে নিষিদ্ধ বাধা জাল আটক করেছে উপজেলা মৎস্য দপ্তর। বুধবার সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান।

অভিযান চলাকালে খালের বিভিন্ন স্থানে পাতা থাকা একাধিক বাধা জাল জব্দ করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে ইউএনও ও ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান তাৎক্ষণিকভাবে এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসের নির্দেশ দেন।

তিনি জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করলে প্রাকৃতিক প্রজনন ব্যাহত হয় এবং জলাশয়ে মাছের উৎপাদন কমে যায়। তাই আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

অভিযানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, এলাকায় অবৈধ জাল ব্যবহার রোধে নিয়মিত তদারকি আরও জোরদার করা হবে।

রং ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের দায়ে দুটি কারখানার বিরুদ্ধে জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার:

বরিশালে মানহীন ও ক্ষতিকর রং মিশ্রিত মিষ্টি এবং অনুমোদনহীন বিষাক্ত রং ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের দায়ে দুটি কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে বরিশাল জেলা প্রশাসনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে আইনগত সহযোগিতা প্রদান করে বিএসটিআই এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

অভিযান চলাকালে প্রমাণ পাওয়া যায়, একটি মিষ্টি কারখানায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল ও রং ব্যবহার করে মিষ্টি উৎপাদন করা হচ্ছিল। অন্যদিকে একটি আইসক্রিম কারখানায় অনুমোদনহীন ও বিষাক্ত রং ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হয়। এসব অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড দেওয়া হয়।

জরিমানার পাশাপাশি প্রায় ৪০ কেজি মিষ্টি এবং সহস্রাধিক আইসক্রিম ধ্বংস করা হয়।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এমন ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জীবন ও জীবিকার মান উন্নয়নে গৌরনদীতে সিসিডিবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধিঃ
‎খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) গৌরনদী এরিয়া অফিসের উদ্যোগে জীবন ও জীবিকার মানোন্নয়নের লক্ষ্যে উপকারভোগী সমিতিগুলোর মাঝে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় সিসিডিবির গৌরনদী এরিয়া কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবির সিপিআরপি গৌরনদী ব্যবস্থাপক সুদীপন খিসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা, উপজেলা সমবায় অফিসার আফসানা সাখী, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং এনজিও সমন্বয় কমিটির সভাপতি প্রেমানন্দ ঘারামী।

‎এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিডিবির প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রত্ন, অ্যাকাউন্টস অফিসার ডেভিট লিটন দাস, মানবাধিকার সংগঠক আবু সালেক মামুন এবং সাংবাদিক সোলায়মান তুহিন।

‎অনুষ্ঠানে সিসিডিবির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ৯টি ফোরামের সদস্যদের মাঝে মোট ১০ লাখ ৮০ হাজার টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়। পাশাপাশি সিসিডিবি আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র প্রদান করা হয়।

‎সিসিডিবি প্রতিনিধিরা জানান, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় উপকারভোগীদের আয়ের সুযোগ ও স্বনির্ভরতা আরও বৃদ্ধি পাবে।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল

বরিশাল প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে গৌরনদী উপজেলার কেন্দ্রীয় মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এ সময় বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। আমরা তাঁর সুস্থতা কামনা করি এবং দেশবাসীর কাছে দোয়া প্রত্যাশা করি।”

মিলাদ মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

0

বরিশাল প্রতিনিধি।।

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাশাইল শহিদ সুকান্ত বাবু কলেজ প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

বিশেষজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ ক্যাম্পে এলাকার বিভিন্ন বয়সের শতাধিক রোগী চোখের বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেন। রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ, প্রাথমিক চিকিৎসা ও পরবর্তী করণীয় বিষয়ে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।

চিকিৎসা সহযোগিতায় ছিল বরিশালের সুপরিচিত ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল। তাদের অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ক্যাম্প পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

উদ্যোগটি আয়োজন করে বন্ধু মহল ফাউন্ডেশন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়মিত এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়দের মাঝে এ উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

গণঅধিকার পরিষদ বরিশাল-১ আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ইলিয়াস মিয়া

নিজস্ব প্রতিবেদক।।
‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ আসন (গৌরনদী-আগৈলঝাড়া) এলাকায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক এবং বরিশাল-১ আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ইলিয়াস মিয়া রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় গৌরনদী উপজেলার নলচিড়া বাজারে ব্যাপক গণসংযোগ করেন।

‎স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ছাড়াও তিনি দলের পক্ষে উন্নয়ন ও পরিবর্তনের বার্তা তুলে ধরেন। এলাকাবাসীর সমস্যা-সম্ভাবনা নিয়ে কথা বলেন এবং আগামীর পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন চান।

‎গণসংযোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি, সাংবাদিক সোলায়মান তুহিন।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন—
‎গৌরনদী পৌর যুগ্ম-আহ্বায়ক আব্দুল হক বাবু মৃধা, উপজেলা যুবঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, উপজেলা কর্মসূচি বিষয়ক সম্পাদক মোঃ সজিব মল্লিক, সড়ক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোঃ রবিউল, গৌরনদী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মেহেদী হাসান তানভীর প্রমুখ।

‎এ ছাড়া গণঅধিকার পরিষদসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

‎স্থানীয়দের মতে, নির্বাচনী মাঠে এই গণসংযোগ কর্মসূচি আসন্ন নির্বাচনে প্রতিযোগিতার উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।

ডেইলী বরিশাল  সংবাদ প্রকাশের পর চুরি যাওয়া কাঠ ফেরত পেল আজাদ ফার্নিচার, চোর এখনো অধরা

 

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :

গৌরনদী উপজেলার ৬নং ওয়ার্ড পৌরসভার বড়বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আজাদ ফার্নিচার’-এর গোডাউন থেকে মেঘনি গাছের প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের মূল্যবান কাঠ চুরির ঘটনায় নতুন মোড় এসেছে। গতকাল নিউজ ফেয়ারীতে সংবাদ প্রকাশিত হওয়ার পর ফার্নিচার মালিক অবশেষে চুরি যাওয়া কাঠ ফেরত পেলেও এখনো চোরদের বিচার করা সম্ভব হয়নি।

গত বুধবার গভীর রাতে অজ্ঞাত চোরের দল গোডাউনের তালা ভেঙে মেঘনি গাছের কাঠ তুলে নিয়ে যায়। মালিক জাহিদুল ইসলাম আজাদ মানবিক ও আইনগত প্রতিকার চেয়ে গণমাধ্যমের দারস্থ হন। নিউজ ফেয়ারীতে সংবাদ প্রকাশিত হতেই রহস্যজনকভাবে চুরি যাওয়া কাঠ ফেরত পাওয়া যায়।

এ বিষয়ে আজাদ ফার্নিচারের মালিক জাহিদুল ইসলাম আজাদ বলেন, সংবাদ প্রকাশের পর কাঠ ফেরত পেলেও চোরদের বিচার পেলাম না। এখনো কেউ গ্রেপ্তার হয়নি। আমরা ন্যায়বিচার প্রত্যাশা করি।

স্থানীয়রা জানান, এলাকাটি দীর্ঘদিন ধরেই নিরাপত্তাহীনতায় ভুগছে। রাতের বেলায় টহল ব্যবস্থা জোরদার না থাকায় এ ধরণের চুরির ঘটনা বারবার ঘটছে।

এ ঘটনায় গৌরনদী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনো পর্যন্ত চোর শনাক্তে তেমন অগ্রগতি নেই বলে জানা গেছে।

ব্যবসায়ী মহল মনে করছে, গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রভাবেই কাঠ ফিরেছে কিন্তু অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকায় এলাকায় উদ্বেগ কাটছে না।

গৌরনদী-আগৈলঝাড়া: গণঅধিকার পরিষদের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল-১ আসন (গৌরনদী-আগৈলঝাড়া) কেন্দ্র করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি, জনসংযোগ, মাঠপর্যায়ের সংগঠন শক্তিশালীকরণ এবং প্রচার-প্রচারণার দিকনির্দেশনা নিয়ে গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলা দলীয় কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের কেন্দ্রীয় নীতি ও নির্বাচনী লক্ষ্য বাস্তবায়নে করণীয় নির্ধারণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা সভাপতি মো. নাজিরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক, বরিশাল-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. ইলিয়াস মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে মো. ইলিয়াস মিয়া বলেন,
“গণঅধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিশ্বাসী একটি দল। বরিশাল-১ আসনের প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও ওয়ার্ডে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। জনগণের পাশে থেকে সত্যিকারের জনবান্ধব রাজনীতি করতে আমরা সংকল্পবদ্ধ। এই নির্বাচনে জনগণ পরিবর্তনের ভোট দিতে প্রস্তুত—এখন প্রয়োজন সুসংগঠিত প্রচারণা ও ঐক্যবদ্ধ কর্মপরিকল্পনা।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সভাপতি ও সাংবাদিক সোলায়মান তুহিন।
তিনি বলেন, “গণঅধিকার পরিষদকে মাঠপর্যায়ে শক্ত অবস্থানে দাঁড় করাতে প্রতিটি নেতাকর্মীকে আরও দায়িত্বশীল হতে হবে। সুষ্ঠু, সুন্দর ও গণমুখী রাজনীতি প্রতিষ্ঠায় ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন—গৌরনদী পৌর আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাজন মৃধা, আগৈলঝাড়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুল ইসলামসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ আগামী নির্বাচনকে সফল করতে গ্রামে গ্রামে গণসংযোগ, ভোটারদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে সমন্বিত প্রচারণা, ভোটার তালিকা বিশ্লেষণ এবং নির্বাচনী কমিটি পুনর্গঠনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।

প্রস্তুতি সভাটি নির্বাচনী মাঠে গণঅধিকার পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে বলে আশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

বানারীপাড়ায় এসিল্যান্ডের হস্তক্ষেপে অসহায় বৃদ্ধ ফিরে পেলেন মাথা গোজার ঠাঁই

বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করপাড়া গ্রামের বৃদ্ধ আঃ মন্নান শেখ খুজে পেয়েছেন মাথা গোঁজার ঠাই।জানাগেছে মন্নান শেখ ভূমিহীন হওয়ায় পরিবার নিয়ে থাকার জন্য ১৯৮৮-৮৯ সালে সরকারের নিকট থেকে তিনি করপাড়া মৌজার সৃজিত খতিয়ান নং ২৮৪/৪২৯ দাগে ৩৫ শতক জমি বন্দোবস্ত পেয়েছিলেন।কিন্তু ওই জায়গা দখলে ছিলো একই গ্রামের মৃত কাদের সরদারের ছেলে বাদশা সরদার,কাছেম আলী সরদারের ছেলে বাবুল সরদার ও তাহের মুন্সির ছেলে মোঃ ফেরদৌস মুন্সির।তারা তিন জনই ওখানে পাকা ও আধা পাকা ঘর তৈরি করে বসবাস করতে ছিলো।মন্নান শেখ জানান জমি বন্দোবস্ত পাওয়ার পর তিনি প্রতিপক্ষের দ্বারা বিভিন্ন মামলা ও হয়রানির ভয়ে জায়গা দখল নিতে পারেননি।মন্নান শেখ কয়েকমাস পূর্বে তার জায়গা বুঝে পেতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি)’র দায়িত্বে থাকা জনাব বায়েজিদুর রহমানের কাছে আবেদন করেন।পরে তার পক্ষ থেকে উপজেলা সার্ভেয়ারকে ওই জমির সঠিক মালিকানা নির্ধারন ও প্রকৃত মালিক দখলে আছে কি না সে ব্যাপারে তদন্ত ভার দেয়া হয়।তদন্ত শেষে আঃ মন্নান শেখের সঠিক কাগজপত্র থাকায় তিনিই এর সঠিক মালিক বলে প্রমানিত হন।অন্যান্য যারা ওই জায়গা দখলে আছে তাদেরকে কয়েক দফা বসত ঘর সরিয়ে নিতে নির্দেশ প্রদান করলে কেউই কর্নপাত করেননি।পরে গত ৪ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জি এম এ মুনিব ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৃদ্ধ আঃ মন্নান শেখকে তার জায়গার দখল বুঝিয়ে দিয়ে অবৈধ দখলদারিদের অন্যত্র সরে যেতে নির্দেশ দেন।ওই দিনই আঃ মন্নান শেখ এলাকাবাসীর সহযোগিতায় একটি টিনের ঘর তুলে তার জায়গার দখল বুঝে নেন।অপরদিকে মন্নান শেখের ওই জায়গার কিয়দাংশে দুটি পরিবার পাকা ঘর তুলে বসবাস করছে।তাদের বসবাসের ঘর দুটি পাকা হওয়ায় অন্যত্র সরিয়ে নেয়ার কোনো উপায় তাদের কাছে নেই বলে জানান।

আজাদ ফার্নিচার থেকে ১ লাখ ২০ হাজার টাকার কাঠ চুরি, সাতলা বাজারের রিফাত ফার্নিচারে উদ্ধার,

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ

গৌরনদী উপজেলার ৬নং ওয়ার্ড পৌরসভার বড়বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আজাদ ফার্নিচারের গোডাউন থেকে মেঘনি গাছের প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের কাঠ চুরি হয়েছে। গত বুধবার গভীর রাতে অজ্ঞাত চোরেরা গোডাউন ভেঙে এসব কাঠ চুরি নিয়ে যায় বলে জানিয়েছেন মালিক।

চুরির ঘটনার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার সকালে উজিরপুর উপজেলার সাতলা বাজারে অবস্থিত রিফাত ফার্নিচারে ওই কাঠ পাওয়া যায়। এসময় জিজ্ঞাসাবাদে রিফাত ফার্নিচারের মালিক দাবি করেন, তারা ‘অজ্ঞাত এক ব্যক্তির’ কাছ থেকে নগদ ১২ হাজার টাকায় কাঠগুলো কিনে রেখেছেন।

আজাদ ফার্নিচারের মালিক কাঠ ফেরত চাইলে রিফাত ফার্নিচার কর্তৃপক্ষ আপত্তি জানায়। পরে পরিস্থিতি জটিল হয়ে উঠলে তিনি জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘটনাস্থলে গিয়ে সমঝোতার চেষ্টা করেন। তবে এখন পর্যন্ত চুরি যাওয়া কাঠ ফেরত পাননি আজাদ ফার্নিচারের মালিক।

এ ঘটনায় তিনি গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।