বরিশালের গৌরনদী উপজেলার ইছাকুড়ি-বাকাই গ্রামে পাঁচ লক্ষাধিক টাকার ঋণের বোঝা ও পাওনাদারদের চাপ সইতে না পেরে চা দোকানি পুলিন তালুকদার (৫০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের বাগানে একটি গাছের ডালের সঙ্গে রশি প্যাঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। প্রতিবেশীরা তাকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে গৌরনদী থানায় খবর দেন। পরে পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিন তালুকদার ওই গ্রামের মৃত উপেন্দ্র নাথ তালুকদারের ছেলে। তিনি জীবিকার তাগিদে দীর্ঘ আট বছর মরিশাসে ছিলেন। এক বছর আগে দেশে ফিরে আসেন এবং বাড়ির পাশে একটি চায়ের দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। প্রবাসে থাকাকালে স্থানীয় সুদি মহাজন এবং দেশে ফিরে বিভিন্ন এনজিও থেকে তিনি পাঁচ লক্ষাধিক টাকা ঋণ নেন। বিপুল অঙ্কের ঋণের কারণে তিনি মানসিকভাবে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েন। গত কয়েক দিন ধরে স্থানীয় সুদ কারবারি ও এনজিওর কিস্তির টাকা জোগাড় করতে না পারায় তিনি ভীষণ মানসিক চাপে ছিলেন।
সাংবাদিকদের জানান, পুলিন তালুকদারের তিনটি মেয়ে আছে। পাওনাদারদের ক্রমাগত তাগাদা ও চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। আত্মহত্যার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।







