মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

‘ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী’

‘ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী’...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ৮:৪৯ পিএমসর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ৮:৪৯ পিএম
‘ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী’

ক্রসফায়ার নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘পুলিশ নাগরিকদের সেবক, শাসক নয়।

সোমবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবার উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেছেন, ‘যেখানে ক্রসফায়ার প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাও করে তাহলে আমরা সেটাই করব।

জুবায়ের বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ব্যক্তি হয়ে তিনি এমন বক্তব্য দিয়ে তার চাকরিবিধি লঙ্ঘন করেছেন। আমি তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ফ্যাসিস্ট আমলের কথা উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, ‘এদেশের নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা ছিল না, বাক্‌স্বাধীনতা ছিল না, বিনা বিচারে মানুষকে হত্যা করা হতো। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে নাগরিকদের তুলে নিয়ে গিয়ে হত্যা, ক্রসফায়ার ও গুম করা হতো।

তিনি অভিযোগ করেন, ‘সেই একই কর্মকাণ্ডের পুনরাবৃত্তি করার হুমকি ও ইঙ্গিত দিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। তার এমন বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী।

এ বিষয়ে সরকার পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মধ্যে আইজিপির এমন বক্তব্যকে অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত উল্লেখ করে জুবায়ের বলেন, ‘তার বক্তব্য দেশে ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনার ইঙ্গিত দেয়।

রাষ্ট্রকে নতুন সংকটের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি বলেন, ‘রাষ্ট্রকে সংকটে ফেলার যে গভীর ষড়যন্ত্র হচ্ছে, তা সরকারের এবং সরকারদলীয় বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছে।

দেশে বিএনপির সন্ত্রাসীদের দমন, চাঁদাবাজি বন্ধ ও মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার অভিযোগ তুলে জুবায়ের বলেন, ‘নাগরিকদের জীবনযাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আমি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ