বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দীন সরকার বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদীরা যাতে আন্দোলনের নামে সাধারণ শ্রমিকদের সঙ্গে মিশে জানমালের ক্ষতি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিস্টদের সঙ্গে লড়াই করার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
গাজীপুরের টঙ্গীতে পোশাক শ্রমিকদের আন্দোলনের নামে নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে তিনি এ আহ্বান জানান।
বুধবার বেলা ১১টার দিকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড থেকে মিছিলটি শুরু হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি, মাহবুব রহমান, আলী আহমেদ টুক্কু, শাহিন আলম, ফারুক আহমেদ ও সানজিত আহমেদ মিথুনসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





