সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
২৪শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

মাজারের ৬৮ ডেকচি ও এসি গায়েব, আ.লীগকে দায়ী করলেন চসিক প্রশাসক সাহাদাত

মাজারের ৬৮ ডেকচি ও এসি গায়েব, আ.লীগকে দায়ী করলেন চসিক প্রশাসক সাহাদাত...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ৯:৩৮ পিএমসর্বশেষ: ৯ নভেম্বর ২০২৬, ৯:৩৮ পিএম
মাজারের ৬৮ ডেকচি ও এসি গায়েব, আ.লীগকে দায়ী করলেন চসিক প্রশাসক সাহাদাত

মাজারের ডেকচি চুরির অভিযোগ খতিয়ে দেখতে মাজার ও এতিমখানা পরিদর্শন করেন চসিক প্রশাসক।

চট্টগ্রামের খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি ডেকচি, এসি, গাছ ও বিভিন্ন সরঞ্জাম গায়েব হওয়ার অভিযোগ তুলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এসব সম্পদ আগের মাজার পরিচালনা কমিটির কর্মকর্তারা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তার। একই সঙ্গে নিজেদের অপকর্ম আড়াল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান পরিচালনা কমিটির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন বলেও দাবি করেন তিনি।

রোববার (৮ নভেম্বর) মাজারের ডেকচি চুরির অভিযোগ খতিয়ে দেখতে মাজার ও এতিমখানা পরিদর্শন করেন চসিক প্রশাসক। এ সময় বিভিন্ন সরঞ্জাম গুনে দেখেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব অভিযোগ করেন।

শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মেগা প্রকল্পের নামে সারা দেশে লুটপাট হয়েছে। খাজা গরীব উল্লাহ শাহ মাজারও এর বাইরে ছিল না। আগের কমিটির কর্মকর্তারা মাজারের ব্যাংক হিসাব থেকে দুই দফায় সাড়ে সাত লাখ টাকা, দোকানের অগ্রিম বাবদ এক কোটি ২০ লাখ টাকা, ৬৮টি ডেকচি, কয়েকটি এসি এবং মাজারের আঙিনার বেশ কয়েকটি বড় গাছসহ বিভিন্ন সরঞ্জাম আত্মসাৎ করেছেন। এসব তথ্য গোপন করতে হিসাব-নিকাশ ও প্রয়োজনীয় কাগজপত্রও সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মাজারের ডেকচি চুরির অভিযোগ নিয়ে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। আওয়ামী লীগ-সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এ ঘটনায় চসিক প্রশাসক শাহাদাত হোসেন ও তার অনুসারীদের দায়ী করা হয়। এর পরিপ্রেক্ষিতে মাজার পরিদর্শনে গিয়ে ডেকচি গায়েবের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেন তিনি।

শাহাদাত হোসেন জানান, চলতি বছরের ২৫ জুন ওয়াক্ফ এস্টেটের পরিদর্শক শাখাওয়াত হোসেনের স্বাক্ষর করা তালিকা অনুযায়ী, ২০টি বড় ও ১২টি ছোট—মোট ৩২টি ডেকচি বর্তমান কমিটির কাছে হস্তান্তর করা হয়। রোববার মাজারে গিয়ে তিনি নিজে গুনে দেখেছেন, তালিকাভুক্ত সব ডেকচি অক্ষত রয়েছে। অর্থাৎ বর্তমান কমিটির দায়িত্ব গ্রহণের সময় তালিকায় থাকা ৩২টি ডেকচি এখনো মাজারে রয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, আগের কমিটির নিয়োগ দেওয়া মোতোয়াল্লি আবু তাহেরও আওয়ামী লীগের লোক ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে মাজারের সম্পদ বিভিন্নভাবে আত্মসাৎ করা হয়েছে। তবে বর্তমান সরকারের আমলে এ ধরনের লুটপাটের সুযোগ নেই।

চসিক প্রশাসক জানান, আগের কমিটির নিয়োগ দেওয়া মোতোয়াল্লি আবু তাহেরের কার্যক্রম স্থগিত করে চলতি বছরের ১৩ জুন তিন বছরের জন্য পাঁচ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ১৩ সদস্যের পরিচালনা কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়। ওই কমিটিতে পদাধিকারবলে চসিক প্রশাসক হিসেবে তিনি সভাপতির দায়িত্ব পান।

তিনি বলেন, আগের কমিটির নিয়োগ দেওয়া মোতোয়াল্লি বর্তমান কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেননি। এ কারণে চট্টগ্রাম ওয়াক্ফ এস্টেটের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণ করে। ২৫ জুন দায়িত্ব নেওয়ার সময় মাজারে থাকা ২০টি বড় ও ১২টি ছোট ডেকচিসহ বিভিন্ন সরঞ্জামের তালিকা তৈরি করা হয়। ওই তালিকায় ওয়াক্ফ এস্টেটের পরিদর্শক শাখাওয়াত হোসেনের স্বাক্ষর রয়েছে।

মাজার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ওয়াক্ফ পরিদর্শক শাখাওয়াত হোসেন, মাজার পরিচালনা কমিটির সেক্রেটারি গোলাম সরওয়ার, কমিটির সদস্য আবদুল হালিম স্বপন, ফারুক শিকদার, রুবেল, আবদুল মান্নান, ইদ্রিস আলী, হিসাবরক্ষক আনিসুর রহমান, নবী হোসেন, রায়হান আলম ও জাহাঙ্গীর হোসেনসহ অনেকে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ