বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

বিএনপি নেতা পিন্টু হত্যায় তিন কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

বিএনপি নেতা পিন্টু হত্যায় তিন কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ৮:০১ পিএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ৮:০১ পিএম
বিএনপি নেতা পিন্টু হত্যায় তিন কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু হত্যা মামলার তদন্তে দুই আসামি ও এক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহীতে পিবিআইয়ের কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের জবানবন্দি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।

জিজ্ঞাসাবাদ করা তিন কারা কর্মকর্তা হলেন- রাজশাহী কেন্দ্রীয় কারাগারের তৎকালীন উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) বজলুর রশীদ, সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। তাদের মধ্যে বজলুর রশীদ ও শফিকুল ইসলাম এ মামলার আসামি। হালিমা খাতুন মামলার সাক্ষী।

মামলাটির তদন্ত করছেন রাজশাহী পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সৈকত হাসান। তিনি বলেন, ‘জিআর মামলার ক্ষেত্রে আমরা আসামিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে পারি; কিন্তু সিআর মামলায় গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা যায় না। এটি সিআর মামলা। তদন্তের স্বার্থে মামলার দুই আসামি ও এক সাক্ষীকে ডাকা হয়েছিল। তাদের জবানবন্দি নেওয়া হয়েছে।

ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু বিডিআর বিদ্রোহ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় ২০১৫ সালের ৩ মে তার মৃত্যু হয়। তার পরিবার এ মৃত্যুকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে।

এ ঘটনায় গত বছরের ৫ ফেব্রুয়ারি রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে হত্যা মামলা করেন পিন্টুর ছোট ভাই নাসিম উদ্দিন রিন্টু। নালিশি এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৭ জনকে আসামি করা হয়। পরে আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেন পিবিআইকে।

তদন্ত কর্মকর্তা সৈকত হাসান আরও বলেন, ‘আদালত প্রথমে যে সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছিলেন, সেই সময়সীমা ইতোমধ্যে পার হয়েছে। পরে তিনি সময় বাড়ানোর আবেদন করেন। বর্তমানে তদন্ত প্রায় শেষপর্যায়ে রয়েছে। এবার নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রতিবেদন পাওয়ার পর আদালত মামলার বিষয়ে পরবর্তী আদেশ দেবেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ